জামালপুরে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, পার্কের নৈশ প্রহরী গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:৫২
জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৪৫) নামে এক পার্কের নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
এর আগে শুক্রবার (৮ মে) রাতে পৌর শহরের চর কালিকাপুর এলাকার দুর্গা বাগান বাড়ি পার্ক এলাকা থেকে তাকে আটক করে। পরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেফতার আব্দুল খালেক চর কালিকাপুর এলাকার বাচ্চু মিয়ার ছেলে। তিনি দুর্গা বাগান বাড়ি পার্কে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের দুর্গা বাগান বাড়ি পার্কে খেলাধুলা করতে যায় শিশুটি। অভিযোগ উঠেছে, একা পেয়ে নৈশপ্রহরী খালেক শিশুটিকে ফুসলিয়ে পার্কের রান্নাঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের কাছে বিষয়টি প্রকাশ পায়। সেদিন রাতে শিশুটির মা দেওয়ানগঞ্জ মডেল থানায়,অভিযুক্ত আব্দুল খালেকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খালেককে গ্রেপ্তার করে।
ভুক্তভোগী ওই শিশুর মা বলেন, ওই পার্কের সামনে আমার বাড়ী। আমার মেয়ে দূর্গা বাগান বাড়ী নামের ওই পার্কে খেলতে যায়। পার্ক থেকে ফিরে কান্নাকাটি করছিল। কান্নার কারণ জানতে চাইলে সে জানায় পার্কের নৈশ প্রহরী খালেক পার্কের রান্নাঘরে ডেকে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আশেপাশের লোকজন বিষয়টি টের পেলে খালেক পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, তিন বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবদুল খালেক নামে এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামী কে আজ আদালতে পাঠানো হয়েছে।

logo-2-1757314069.png)
