গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে সরকার: মিয়া গোলাম পারওয়ার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৯ মে ২০২৬, ২০:৪২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার অভিযোগ করেছেন, সরকার গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে চরম বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। একইসঙ্গে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে জনমত নিয়ন্ত্রণের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (৯ মে) সকালে সৈয়দপুর বিমানবন্দর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পারওয়ার বলেন, একটি প্রবাদ আছে—যে যায় লঙ্কায়, সেই হয় রাবণ। বর্তমান বাস্তবতায় বিএনপিও সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা জনগণের বিপুল জনসমর্থন ও গণভোটের রায়কে উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিল এবং সেই অনুযায়ী ভোটও দিয়েছে। কিন্তু এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। এর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
উন্নয়ন কার্যক্রমের বিষয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই, বরং টেকসই ও জনকল্যাণমূলক উন্নয়নকে সমর্থন করি। তবে উন্নয়নের নামে আঞ্চলিক বৈষম্য কিংবা সরকারদলীয় প্রতিনিধিদের এলাকাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। উন্নয়ন হতে হবে সমতা ও ন্যায়ভিত্তিক।
তিনি অভিযোগ করেন, বিএনপির নির্বাচিত প্রতিনিধিদের এলাকায় একযোগে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ জাতীয় ও আঞ্চলিক গুরুত্ব বিবেচনায় এসব প্রকল্প দেশের বিভিন্ন অঞ্চলে বণ্টন হওয়া উচিত।
এ সময় তিনি সৈয়দপুর বিমানবন্দর-কে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার দাবি জানিয়ে বলেন, উত্তরাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা এটি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল এবং সৈয়দপুর উপজেলা আমির শফিকুল ইসলাম।

logo-2-1757314069.png)
