ঋণের চাপ ও পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা, স্বামীর বিরুদ্ধে জুয়ার অভিযোগ
জামালপুর (সরিষাবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:১৪
জামালপুরের সরিষাবাড়ীতে ঋণের কিস্তির চাপ ও পারিবারিক অশান্তির মধ্যে আমিনা বেগম (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিনা বেগম সৌদি প্রবাসী শিপন মিয়ার স্ত্রী। তিনি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকার আব্দুল হাকিমের মেয়ে। তার দুই সন্তান রয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে শিপন মিয়া বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন সমিতি ও এনজিও থেকে ঋণ নেন। পরে সৌদি আরবে গিয়ে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ পরিবারের। এর ফলে দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে নিয়মিত টাকা পাঠাতেন না।
অন্যদিকে ঋণের কিস্তি ও সংসারের খরচ সামলাতে হিমশিম খেতে হচ্ছিল আমিনা বেগমকে। এ নিয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। পরিবারের সদস্যদের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপ ও হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
নিহতের মেয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাফিয়া আক্তার জানায়, রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। গভীর রাতে ঘুম ভেঙে মাকে খুঁজতে গিয়ে পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় সে। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে আসেন।
খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নেওয়া হয়। নিহতের ছোট ছেলে ওই রাতে তার দাদির ঘরে ছিল বলে জানা গেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

logo-2-1757314069.png)
