জামালপুরে গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬, ২১:০৩
জামালপুরের দেওয়ানগঞ্জে গাঁজা সেবন ও বহনের অভিযোগে পিতা-পুত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (০৮ মে) দুপুরে পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উত্তর কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে নুরু শেখ (৬০) এবং তার ছেলে হাবিব (২২)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কালিকাপুর এলাকার একটি কাঠ বাগানে অভিযান চালায় পুলিশ। এ সময় পিতা-পুত্রকে মাদক সেবনের অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে প্রায় ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযোগ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। মাদক সেবন ও বহনের দায়ে আটক দুই ব্যক্তি অপরাধ স্বীকার করেছেন। তাই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়েছে।

logo-2-1757314069.png)
