Logo
×

জেলার খবর

প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তে ফেসবুকে, যুবদল নেতার বিরুদ্ধে মামলা করে বিপাকে নারী

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ২১:২৯

প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তে ফেসবুকে, যুবদল নেতার বিরুদ্ধে মামলা করে বিপাকে নারী

জামালপুরের ইসলামপুরে প্রাক্তন স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত ফেসবুকে প্রকাশ করার ঘটনায় যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা করে বিপাকে রয়েছে ভুক্তোভোগী নারী। এঘটনায় ভুক্তোভোগী নারীর পক্ষে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা।  


মঙ্গলবার (৫ মে) বিকেলে ইসলামপুর উপজেলার চিনারচর এলাকায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অভিযুক্তদের যুবদল থেকে আজীবনের জন্য বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


অভিযুক্ত শাহানুর রহমান পলাশ চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব। তিনি সেই নারীর প্রাক্তন স্বামী এবং আরেক অভিযুক্ত আব্দুল কুদ্দুস যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। 


মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযোগ করেন, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং শাহানুর রহমান পলাশ জুয়া ও নারী কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত। তাদের এসব কর্মকাণ্ডে এলাকায় সামাজিক অবক্ষয় সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।


ভুক্তভোগী সেই নারীর অভিযোগ করে বলেন, তার সঙ্গে পলাশের বিয়ে হয় এবং প্রায় এক বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। দাম্পত্য জীবনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।


তিনি আরও জানান, এ ঘটনায় তিনি গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছেন। মামলা তুলে নিতে পলাশ তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে এবং বিএনপির নাম ব্যবহার করে ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।


এ বিষয়ে ভুক্তভোগী নারীর প্রাক্তন স্বামী অভিযুক্ত শাহানুর রহমান পলাশ বলেন, প্রতিপক্ষরা তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে তার প্রাক্তন স্ত্রীকে দিয়ে এসব অভিযোগ তুলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি-ভিডিও ছড়ানোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি। পাশাপাশি মাদক ব্যবসার অভিযোগও তিনি অস্বীকার করেন।


আরেক অভিযুক্ত কুদ্দুস বলেন, ওই নারীকে তিনি চিনতেন না এবং পলাশের দ্বিতীয় স্ত্রী বলেও পরে জানতে পারেন। ছবি-ভিডিও সম্পর্কে তার কিছু জানা নেই বলে দাবি করে তিনি বলেন, ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ায় প্রতিদ্বন্দ্বীরা মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে।


বিষয়টি নিয়ে ইসলামপুর যুবদলের আহ্বায়ক মো. হেলাল উদ্দিন বলেন, আমরা বিষয়টি জানি। ইতিমধ্যে মৌখিক ভাবে শুনেছি। জেলা থেকে চেয়েছে একটি তদন্ত রিপোর্ট। আমরা সরজমিনে গিয়ে বিস্তারিত তথ্য জেলায় পাঠানোর পর। জেলা থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেটি নেওয়া হবে।


এ বিষয়ে জেলা যুবদলের আহবায়ক সজীব খান বলেন, বিষয়টি নিয়ে আরও এক মাস আগে আমরা অবগত হয়েছে। আর উপজেলা যুবদলের দ্বায়িত্বশীলদের তদন্ত করে একটি প্রস্তাবনা আমাদের কাছে পাঠাতে বলেছি। প্রস্তাবনা আসলেই আমরা ব্যবস্থা নেবো। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে কিছু কিছু তথ্য প্রমান আমাদের কাছে আছে। 


এই মামলাটির বিষয়ে ইসলামপুর থানার তদন্ত অফিসার রফিকুল ইসলাম বলেন, এখনো থানায় কোনো নথি আসেনি। আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।