Logo
×

জেলার খবর

টেকনাফে তালিবান সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৭:৫০

টেকনাফে তালিবান সম্পৃক্ততার অভিযোগে রোহিঙ্গা তরুণ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মাহমুদুল্লাহ (১৯) নামে এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (৫ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।


পুলিশ সূত্রে জানা যায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টিটিপি-সংশ্লিষ্ট কার্যক্রমের প্রমাণ পাওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়।


ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে ওই তরুণের টিটিপি-সমর্থিত কর্মকাণ্ডে জড়িত থাকার ইঙ্গিত পাওয়া গেছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার সক্রিয় অংশগ্রহণের তথ্য মিলেছে, যেখানে জঙ্গি সংগঠনটির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।


এ ঘটনায় তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ আরও জানায়, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং গ্রেপ্তারকৃতকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।