ছানি অপারেশনসহ বিনামূল্যে চক্ষু সেবায় উপকৃত শতাধিক মানুষ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬:১৭
নীলফামারীর সৈয়দপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
মঙ্গলবার (৫ মে ২০২৬) শহরের মূর্তুজা ইন্সটিটিউট প্রাঙ্গণে কাসেম ফাউন্ডেশন (মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর)-এর উদ্যোগে এবং সিদরা ফাউন্ডেশনের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, ছানি রোগ শনাক্তকরণ, লেন্স প্রতিস্থাপনসহ অপারেশন এবং প্রয়োজনীয় চশমা সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই কর্মসূচিতে ১৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে ৭৫ জনের দৃষ্টি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং ২৫ জনের ছানি অপারেশন করা হয়। পাশাপাশি ২৯ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সিদরা ফাউন্ডেশনের ম্যানেজার মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়ম চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিফাত আল ইমাম, প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাসুদ রানা এবং অর্গানাইজার মনিরুজ্জামানসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, এ ধরনের সেবামূলক কার্যক্রম স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

logo-2-1757314069.png)
