Logo
×

জেলার খবর

গাইবান্ধায় গুটি বসন্তে স্কুল শিক্ষকের মৃত্যু; একই পরিবারের আক্রান্ত আরও ৩ জন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:২২

গাইবান্ধায় গুটি বসন্তে স্কুল শিক্ষকের মৃত্যু; একই পরিবারের আক্রান্ত আরও ৩ জন

গাইবান্ধা সদর উপজেলায় গুটি বসন্ত (পক্স) রোগে আক্রান্ত হয়ে ইতিশ চন্দ্র দাস (৪৫) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ও দুই সন্তানসহ পরিবারের আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


রোববার (৩ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইতিশ চন্দ্র দাস সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের খোলাহাটী বোডঘর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং খোলাহাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।


পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে তিনি পাশের গ্রামের এক কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেন। তবে অবস্থার উন্নতি না হয়ে ক্রমেই অবনতি হতে থাকে।


নিহতের স্ত্রী অর্চনা রানী জানান, প্রথমে তার শরীরে রোগের লক্ষণ দেখা দেয়। পরে স্বামীও একই রোগে আক্রান্ত হন। এরপর ঢাকায় থাকা বড় ছেলে প্রিমল দাস বাড়িতে এলে সেও আক্রান্ত হয়। বর্তমানে ছোট ছেলে অর্মীত দাস (৭)ও একই রোগে ভুগছে।


গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুটি বসন্তে আক্রান্ত হয়েই ওই শিক্ষকের মৃত্যু হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।