গাইবান্ধায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৬, ২৩:০১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকেল সাড়ে চারটার দিকে শহরের পৌর পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা শাখা এর আয়োজন করে। এতে জোটভুক্ত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার।
সমাবেশে বক্তব্য দেন জামায়াত নেতা আবু তালেব মাস্টার, সাবেক ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান ও ওবায়দুল ইসলাম, জেলা শিবির সভাপতি ইউসুফ আল কারযাভি, ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মুফতি ইদ্রিস আলী, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একই প্রক্রিয়ায় দুটি ভোট অনুষ্ঠিত হলেও একটি পক্ষ গণভোটের ফলাফল মেনে নিচ্ছে না, যা জনগণের রায়ের প্রতি অবজ্ঞার শামিল। তারা অভিযোগ করেন, সাম্প্রতিক ঘটনাবলিতে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণার বহিঃপ্রকাশ ঘটেছে। বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার, ডিবি রোড হয়ে আসাদুজ্জামান মার্কেট অতিক্রম করে হকার্স মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা শহীদ মিনারে জড়ো হন।

logo-2-1757314069.png)
