Logo
×

জেলার খবর

সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ২২:৫৮

সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।


শনিবার (২ মে) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. দেলওয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক।


পৌর শ্রমিকদলের সভাপতি মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মতিয়ার পারভেজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. আলম জামান মিন্টু, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আনজুরুল ইসলাম আনজু মিয়া, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, শহিদ জিয়াউর রহমান ও আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শ্রমিকদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মো. শহিদুল ইসলাম।