হজ্জক্যাম্পে ২২ হাজার সৌদি রিয়াল চুরি: উদ্ধার সাড়ে ১৭ হাজার, গ্রেপ্তার ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ২২:৪৯
রাজধানীর হজ্জক্যাম্প থেকে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের বড় একটি অংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও একজনকে আটক করা হয়েছে। এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গত ২২ এপ্রিল রাজধানীর হজ্জক্যাম্প থাকা এক হজযাত্রীর কাছ থেকে ২২ হাজার সৌদি রিয়াল চুরির ঘটনা ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চাঁদপুর জেলা পুলিশ ও সিটি এসবি যৌথভাবে তদন্ত ও অভিযান শুরু করে।
সিটি এসবি থেকে প্রাপ্ত ধারাবাহিক তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদপুরের মতলব সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীবের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। মতলব এলাকা থেকে শুরু করে মুন্সিগঞ্জ হয়ে রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে গভীর রাতে হাবিবুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে নাদিম নামে আরও একজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চুরিকৃত ১৭ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। এছাড়া চুরির অর্থ ভাঙিয়ে নেয়া টাকার একটি অংশও জব্দ করেছে পুলিশ।
পুলিশ জানায়, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আব্দুল মান্নান এখনও পলাতক রয়েছে। তার অবস্থান শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

logo-2-1757314069.png)
