Logo
×

জেলার খবর

অপরিপক্ব আম বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২২:৪১

অপরিপক্ব আম বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় অবস্থিত মিতু ফল ভান্ডার এ অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই জরিমানা করেন।


অভিযান চলাকালে দোকানের মালিক মো. মাকসুদ আলম আম ক্রয়ের বৈধ রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হন এবং অপরিপক্ব আম কেনাবেচার বিষয়টি স্বীকার করেন।


 এ অপরাধে তাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত অপরিপক্ব আম জনসম্মুখে ধ্বংস করা হয়।


সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কোনোভাবেই অপরিপক্ব বা ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।


নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।