Logo
×

জেলার খবর

মসজিদের দানবাক্সে স্বর্ণের দুল, চিরকুটে মায়ের সুস্থতার আকুতি

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ২১:৩৫

মসজিদের দানবাক্সে স্বর্ণের দুল, চিরকুটে মায়ের সুস্থতার আকুতি

নীলফামারীর সৈয়দপুরে একটি মসজিদের দানবাক্স থেকে স্বর্ণের দুল, নগদ অর্থ ও একটি আবেগঘন চিরকুট উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। চিরকুটে অসুস্থ মায়ের সুস্থতা কামনায় এক সন্তানের আকুতি ফুটে উঠেছে, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করেছে।


বুধবার (২৯ এপ্রিল) শহরের সাহেবপাড়া (হানিফ মোড়) এলাকার মসজিদে আলীর দানবাক্স খোলার সময় এ ঘটনা জানা যায়। মসজিদ কমিটির সদস্যরা জানান, নিয়ম অনুযায়ী প্রতি দুই মাস অন্তর দানবাক্স খোলা হয়। সর্বশেষ খোলার সময় একটি রঙিন কাগজে মোড়ানো অবস্থায় এক জোড়া স্বর্ণের দুল, প্রায় ৭ হাজার টাকা নগদ অর্থ এবং একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়।



চিরকুটে লেখা ছিল, “আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়।” সংক্ষিপ্ত এই বার্তাই উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। ধারণা করা হচ্ছে, কোনো সন্তান নীরবে তার মায়ের সুস্থতা কামনায় এ দানটি করেছেন।


মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাজাদা আলম বলেন, “দানবাক্সে পাওয়া চিরকুটটি আমাদের গভীরভাবে নাড়া দিয়েছে। এটি শুধু দান নয়, একজন সন্তানের অসহায়ত্ব ও মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ।” স্থানীয় এক স্বর্ণ ব্যবসায়ীর মাধ্যমে দুলটির মূল্য যাচাই করে প্রায় ১৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।


মসজিদের ইমাম হাফেজ আখতার বলেন, ইসলামে দানের মূল বিষয় নিয়ত। এই দান আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা দানকারীর মায়ের সুস্থতার জন্য দোয়া করছি।

মসজিদ কমিটির সভাপতি ওমান গনীসহ সংশ্লিষ্টরা জানান, সংগৃহীত অর্থ মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে। বর্তমানে মসজিদের ওযুখানার ছাদ ঢালাইয়ের কাজ জরুরি হয়ে পড়েছে।


স্থানীয়দের মতে, এ ঘটনা সমাজে মানবিকতা, সহমর্মিতা ও নিঃস্বার্থ দানের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।