ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৩৩
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত হয়েছেন দৈনিক কালবেলার ক্ষেতলাল প্রতিনিধি আমানউল্লাহ আমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসনের বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছিলেন ইউএনও সানজিদা চৌধুরী। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক দলবল নিয়ে কক্ষে প্রবেশ করে সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। একপর্যায়ে সরকারি পুকুরের মাটি ও বালু উত্তোলন নিয়ে প্রকাশিত সংবাদের জেরে তিনি সাংবাদিক আমানউল্লাহ আমানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে তার সঙ্গে থাকা কয়েকজন কর্মী-সমর্থক আমানের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আমানকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ক্ষেতলাল উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বলেন, “মতবিনিময় চলাকালে হঠাৎ বিএনপি নেতা কক্ষে প্রবেশ করে উত্তেজনার সৃষ্টি করেন এবং একপর্যায়ে সাংবাদিক আমানের ওপর হামলা হয়।”
আহত সাংবাদিক আমানউল্লাহ আমান অভিযোগ করেন, “সরকারি পুকুরের মাটি বিক্রির সংবাদ প্রকাশের জেরে আমাকে ইউএনও’র কক্ষে দেশীয় অস্ত্র নিয়ে মারধর করা হয়। পরে আমার মোবাইল, আইডি কার্ড, ওয়ালেট ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়।” তবে পরে কিছু মালামাল উদ্ধার করে থানায় জমা দেওয়া হয় বলে তিনি জানান।
অভিযুক্ত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “সেখানে শুধু কথা-কাটাকাটি হয়েছে, কোনো হামলার ঘটনা ঘটেনি।”
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান বলেন, “ইউএনও’র কক্ষে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।”
ক্ষেতলাল থানার তদন্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কালাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিউৎ জামান তালুকদার হামলার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

logo-2-1757314069.png)
