Logo
×

জেলার খবর

স্ত্রীকে ডিভোর্স দিয়ে ১১ কেজি দুধে গোসল করলেন যুবক

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ২২:৩৩

স্ত্রীকে ডিভোর্স দিয়ে ১১ কেজি দুধে গোসল করলেন যুবক

পারিবারিক কলহ ও দীর্ঘদিনের তিক্ততার অবসান ঘটাতে স্ত্রীকে তালাক দেওয়ার পর ১১ কেজি দুধ দিয়ে গোসল করেছেন ফরহাদ হোসেন (৪০) নামে এক যুবক। ঘটনাটি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকায় ঘটে।


মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি প্রায় এক মিনিটের ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, তালাক কার্যক্রম শেষ হওয়ার পর নিজ বাড়ির উঠানে দুধ ভর্তি পাত্র থেকে শরীরে দুধ ঢেলে গোসল করছেন ফরহাদ হোসেন।


জানা যায়, গত রোববার (২৬ এপ্রিল) রাতে প্রকাশ্য মজলিসে তালাক দেওয়ার পরপরই তিনি দুধ দিয়ে গোসল করছেন।


স্থানীয়রা জানান, মরারপাড়া এলাকার সোবাহান আলীর ছেলে ফরহাদ হোসেনের সঙ্গে প্রায় দুই বছর আগে সূর্যনগর এলাকার সুমাইয়ার বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ ও অশান্তি লেগেই ছিল।


বিষয়টি মীমাংসার জন্য রোববার রাতে স্থানীয় মাতাব্বর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশি বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর ফরহাদ হোসেন তার স্ত্রীকে খোলা তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। সবার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার পর ফরহাদ ঘোষণা করেন যে, তিনি এই তিক্ত সম্পর্ক থেকে মুক্তি পেয়ে নিজেকে পবিত্র করতে চান।


সালিশে উপস্থিত সবার সামনে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন করার পর ফরহাদ বলেন, আমি এই তিক্ত সম্পর্ক থেকে মুক্ত হয়ে নিজেকে পবিত্র করতে চাই। এরপরই নিজ বাড়িতে ১১ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেন।


এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয় এবং অনেকেই ঘটনাস্থলে ভিড় জমান। ফরহাদের এই ব্যতিক্রমী কর্মকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।