কুড়িগ্রামে মাছ ধরা নিয়ে বিরোধ, যুবককে অপহরণের অভিযোগ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ২০:৫৮
কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরগুজিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক যুবককে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. রফিকুল ইসলাম গত ৯ এপ্রিল উলিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এজাহারে বলা হয়েছে, হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মোস্তফা মিয়া (২৫) গত ৬ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে তিনি ব্রহ্মপুত্র নদের একটি শাখায় ডিঙ্গি নৌকায় মাছ ধরার সময় পূর্বপরিকল্পিতভাবে নৌকাযোগে আসা একদল ব্যক্তি তাকে অপহরণ করে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা লাঠি, লোহার রড ও নৌকার বৈঠাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। তারা মোস্তফা মিয়াকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক তুলে নেয়। অপহরণের সময় তিনি মুঠোফোনে ভাতিজা আলমঙ্গীর হোসেনকে বিষয়টি জানান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার পর বিভিন্নভাবে খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মাঝিপাড়া এলাকার দুখিত চন্দ্র বর্মন (৫৫), রনজিৎ চন্দ্র বর্মন (৩৮), দিলিপ চন্দ্র বর্মন (৩৫), বিষ্কর চন্দ্র বর্মন (২২), সুবোধ চন্দ্র বর্মন (২২) ও সোহাগ মিয়া (২২)সহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ব্রহ্মপুত্র নদে ঘটনাটি ঘটায় নৌ পুলিশ ফাঁড়ি এ বিষয়ে তদন্তের দায়িত্ব গ্রহণ করেছেন।
চিলমারী নৌ থানার আইসি গোলাম মওলা বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগটি মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে এক নম্বর আসামিকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo-2-1757314069.png)
