নীলফামারীতে ভুয়া ডিবি পরিচয়ে ডলার প্রতারণা, আটক ১
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৩৬
নীলফামারীতে ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গত ২৩ এপ্রিল ডলার দেওয়ার নামে প্রতারণার শিকার হয়ে সৈয়দপুর উপজেলার বাসিন্দা মো. মিলন মিয়া (৪৫) নীলফামারী ডিবি কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, একটি চক্র তাকে ডলার সরবরাহের প্রলোভন দেখিয়ে মোট ১০ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ ঘটনার তদন্তে নামে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে নীলফামারী সদর উপজেলার বড়ুয়া বাজার এলাকা থেকে চক্রের সক্রিয় সদস্য মো. আব্দুল মান্নান (৪০) কে আটক করা হয়।
আটক ব্যক্তির বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী (খর্দপাড়া) এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, সহযোগীদের সঙ্গে মিলে ভুয়া ডিবি পরিচয়ে ভুক্তভোগীকে অপহরণ ও অবৈধভাবে আটকে রেখে মারধর ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করা হয়। ডলার দেওয়ার কথা বলে তারা ভুক্তভোগীর কাছ থেকে ১০ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

logo-2-1757314069.png)
