সৈয়দপুর রেলওয়ে কারখানায় চুরি করতে গিয়ে ধরা, তাৎক্ষণিক চাকরি হারালেন কর্মচারী
নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩১
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে এক কর্মচারীকে আটক করে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর নবী কারখানার ঢালাই শপে অস্থায়ী চুক্তিভিত্তিক (টিএলআর) কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি শহরের সাহেবপাড়া আমিন মোড় এলাকায়।
কারখানা সূত্রে জানা গেছে, দুপুরের বিরতির সময় একটি ব্যাগে করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদ্যুতিক তার বাইরে নেওয়ার চেষ্টা করেন তিনি। নিয়মিত তল্লাশির সময় গেইটের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ জানান, রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায় কারখানায় কঠোর নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্মচারীকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয়দের অনুরোধে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়নি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, জোরদার নিরাপত্তা ব্যবস্থার কারণে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে সর্বশেষ ঘটনার পর সম্পদ সুরক্ষায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

logo-2-1757314069.png)
