সৈয়দপুরে এসএসসি ও সমমান পরীক্ষায়, পরীক্ষার্থী ৩,৮৭৬
নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২১:৪০
সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ।
এবার উপজেলায় মোট ৩ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ২০২ জন এবং দাখিল পরীক্ষার্থী ৬৭৪ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সৈয়দপুরে মোট ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো— সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
এর মধ্যে প্রথম চারটি কেন্দ্রে সাধারণ এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নেওয়া হচ্ছে।
কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা গেছে, ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩৪ জন, যার মধ্যে নিয়মিত ৯১৯ এবং অনিয়মিত ১১৫ জন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৫৩৫ এবং অনিয়মিত ৭৮ জন। সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে মোট ১ হাজার ১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে নিয়মিত ৭৮৯ এবং অনিয়মিত ২২২ জন। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৪৪৫ এবং অনিয়মিত ৯৯ জন।
এদিকে পূর্বনির্ধারিত সোনাখুলী মুন্সীপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রের পরিবর্তে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে মোট ৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
অন্যদিকে, সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে নিয়মিত ১৬১ এবং অনিয়মিত ৩৮ জন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সতর্ক রাখা হয়েছে।

logo-2-1757314069.png)
