Logo
×

জেলার খবর

অস্বাস্থ্যকর পরিস্থিতিতে উৎপাদনের দায়ে নীলফামারীতে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা; উৎপাদন বন্ধ

Icon

নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২৩:৩৮

অস্বাস্থ্যকর পরিস্থিতিতে উৎপাদনের দায়ে নীলফামারীতে আইসক্রিম ফ্যাক্টরিকে জরিমানা; উৎপাদন বন্ধ

নীলফামারীর ডোমার উপজেলায় একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।


সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।


চিকনমাটি এশিয়ান হাইওয়ে সংলগ্ন ‘সুবহানা সুপার আইসক্রিম ফ্যাক্টরি’-তে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম।


অভিযানকালে কারখানায় অননুমোদিত ঘন চিনি ও কৃত্রিম রঙের ব্যবহার, অস্বাস্থ্যকর উৎপাদন পরিবেশ এবং প্রয়োজনীয় লাইসেন্সের অনুপস্থিতি পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অজয় রায় ও ডোমার থানার উপ-সহকারী পরিদর্শক আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম জানান, কারখানার মালিক হুমায়ুন কবির ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন। তিনি আরও বলেন, অনিয়ম দূর না হওয়া পর্যন্ত কারখানাটির উৎপাদন বন্ধ থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সকল ত্রুটি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছেন মালিক।