সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা; আটক ৩
নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২৩:৩৩
নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে গৃহবধূ শিমু আক্তার হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার ধলাগাছ এলাকার মতির মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, প্রায় ১৩ বছর আগে শিমু আক্তারের সঙ্গে রায়হান রিতুর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে বিষয়টি একাধিকবার পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়, তবে তা ব্যর্থ হয়।
অভিযোগ রয়েছে, গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমু আক্তারকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাটি আড়াল করতে তাকে জোর করে বিষপান করানো হয় বলে অভিযোগ উঠে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই আসামিরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব-১৩। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র্যাব কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

logo-2-1757314069.png)
