নীলফামারীতে ডিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ২৩:২৯
নীলফামারীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থও উদ্ধার করা হয়।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মতলুবর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের পঞ্চপুকুর থেকে কচুকাটা সড়কের খুদিটারী এলাকার আবুলের মোড়ে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে রুবেল ইসলাম (২৮) নামে এক ব্যক্তির কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ টাকা উদ্ধার করা হয়। একই সময়ে রাব্বী ইসলাম (২৬) নামে অপর ব্যক্তির কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ও ৪২০ টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১৬৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার টাকা।
ডিবি পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য স্বীকার করেছে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

logo-2-1757314069.png)
