জ্বালানি সংকটের জন্য বিগত স্বৈরাচারী সরকার দায়ী : বরিশালে তথ্যমন্ত্রী
মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৯:২৮
তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বর্তমানে দেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে সেই সংকটের জন্য দায়ী বিগত স্বৈরাচারী সরকার। তিনি আরো বলেছেন, রাষ্ট্র কাঠামোকে নতুন করে মেরামত করতে চায় বর্তমান তারেক রহমানের সরকার। এই রাষ্ট্র এবং রাজনীতিকে সংস্কার করতে না পারলে চলমান সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না।
সোমবার সকালে দেশব্যাপী টিকা কার্যক্রমের অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী আরো বলেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস থাকলেও বিগত সরকার ক্ষীন ব্যবসার স্বার্থে গ্যাস উত্তোলনের কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি রুটিন তৈরি করেছিলো।আজকে দেশে নিজস্ব গ্যাস উৎপাদনের সক্ষমতা থাকলে হরমুজ প্রণালীর এই সমস্যায় পরতে হতো না দেশকে।
তিনি আরও বলেন, জনসেবা দেয়ার জন্যই গণমাধ্যম। তথ্য পাওয়ার ক্ষেত্রে কোন বাঁধা যাতে না আসে সেই দায়িত্ব পালন করতে হবে গণমাধ্যমকে।
টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে সুধী সমাবেশে মন্ত্রী বলেন, শুধু ক্ষমতার জন্যই বিএনপির সচেষ্ট ছিলোনা, যেহেতু ক্ষমতাকে জনগণের সেবার কাজে লাগাতে চায় সেকারনেই দুর্বল রাষ্ট্রের সেই সম্ভাবনাকে জাতির সামনে আগেই তুলে ধরা হয়েছে এবং তাকে সংস্কার করার প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি সরকার।
সুধী সমাবেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বরিশালের আটটি উপজেলায় ১০ লাখ ৬২ হাজার ৫৪০ জনকে হামের টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৮ হাজারের অধিক কেন্দ্রে এই টিকা দেয়া হবে।
বরিশাল বিভাগে চলতি বছরে ১ হাজার ৯৯০ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৯ জন শিশু মারা গেছে।

logo-2-1757314069.png)
