সৈয়দপুর সরকারি কলেজে বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৯
নীলফামারী প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে সৈয়দপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্যাম্পাসে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মান্নান সরকার এবং প্রফেসর মো. আবু তাহের খান। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইশিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্যসহ বিভিন্ন পর্বে অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় কলেজ শাখার সহসভাপতি মো. রাজু ইসলামও বক্তব্য রাখেন।
দিনাজপুর শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মো. তৌহিদুল ইসলাম বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। তারা নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি কলেজ দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মানসম্মত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

logo-2-1757314069.png)
