জামালপুরে বিএনপি নেতার উপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ২১:৩২
জামালপুরের বকশীগঞ্জে বিএনপির নেতাদের উপর হামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে মামলা গ্রহণ না করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিএনপি নেতারা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার হাই স্কুল মোড় এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
ভুক্তভোগী বিএনপি নেতাদের অভিযোগ, গত ১০ এপ্রিল রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বাত্তি এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায় সাংবাদিক হত্যা মামলার প্রধান আসামি ও সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এবং তার সহযোগীরা। হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও দীর্ঘ ৮ দিন পেরিয়ে গেলেও মামলা হিসেবে গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তারা। এতে করে ভুক্তভোগীরা চরম অনিশ্চয়তা ও ভোগান্তিতে রয়েছেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অবিলম্বে অভিযুক্ত মাহমুদুল আলম বাবুকে গ্রেফতারের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। আগামীকাল আমরা সরজমিনে যাব নিরপক্ষ লোকদের কাছে ঘটনাটা শুনবো। দলীয়ভাবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
তবে অভিযোগ অস্বীকার করে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
উল্লেখ্য, অভিযুক্ত মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি।

logo-2-1757314069.png)
