Logo
×

জেলার খবর

জীবিকার খোঁজে সৌদির পথে বাবা, বাড়িতে পানিতে ডুবে ছেলের মৃত্যু

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ২১:৫৫

জীবিকার খোঁজে সৌদির পথে বাবা, বাড়িতে পানিতে ডুবে ছেলের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় পানিতে ডুবে রাকিব (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।


ঘটনাটিকে আরও বেদনাদায়ক করে তুলেছে জীবিকার তাগিদে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বাড়ি ছাড়ার পরই সন্তানের মৃত্যু সংবাদ পেয়েছেন তার বাবা। আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) ভোরে তার ফ্লাইট নির্ধারিত রয়েছে।


শুক্রবার (১৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল। 


এর আগে দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রাকিব ওই এলাকার আশরাফুল ইসলাম ও বন্যা খাতুনের ছেলে।


পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের অগোচরে বাড়ির পাশে আশ্রয়ন প্রকল্পের জন্য ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের ফলে সৃষ্ট পানিভর্তি একটি বিলে গোসল করতে যায় রাকিব। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আশ্রয়ন প্রকল্পের বিলের পানিতে শিশুটির নিথর মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।


এদিকে শিশুটির বাবা আশরাফুল ইসলাম সংসারের হাল ধরতে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে আগের দিনই ঢাকার পথে রওনা দেন। আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) ভোরে তার ফ্লাইট নির্ধারিত ছিল। এমন করুণ মৃত্যুর খবরে পুরো পরিবারে চলছে শোকের মাতম।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মন্ডল বলেন, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের অগোচরে বাড়ির পাশের বিলে গোসল করতে গিয়ে শিশুটি পানিতে ডুবে মারা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।