Logo
×

জেলার খবর

জুম্মার নামাজে অংশ নিতে গিয়ে মুসল্লির মৃত্যু, সৈয়দপুরে শোক

Icon

নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৯:১৩

জুম্মার নামাজে অংশ নিতে গিয়ে মুসল্লির মৃত্যু, সৈয়দপুরে শোক

নীলফামারীর সৈয়দপুরে পবিত্র জুম্মার নামাজ আদায়ের সময় আসলাম (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল ) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। তিনি শহরের কলিম মোড় এলাকার বাসিন্দা ছিলেন।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামাজ আদায়ের জন্য আসলাম যথারীতি মসজিদে উপস্থিত হন। খতিবের বয়ান চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।


হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, পবিত্র জুম্মার দিনে মসজিদে ইবাদতেরত অবস্থায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য, আসলাম ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে পরিচিত।


একজন মুসল্লি বলেন, মৃত্যু অবশ্যম্ভাবী। তবে জুম্মার দিনে আল্লাহর ঘরে নামাজরত অবস্থায় মৃত্যু নিঃসন্দেহে সৌভাগ্যের।


মরহুমের মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। স্থানীয়রা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।