Logo
×

জেলার খবর

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় - বরিশালে স্পিকার

Icon

মো. ফিরোজ গাজী, বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৯:৫৫

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয় - বরিশালে স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব নয়।  তিনি সকাল ১১টায় নগরীর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। 


সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের মধ্যে রাজনীতির প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যুব সমাজ এখন শুধুমাত্র লেখাপড়ায় সীমাবদ্ধ না থেকে রাজনীতিতেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন থেকে শুরু করে স্বৈরাচারী শাসনের অবসানে ছাত্র ও যুবসমাজ সবসময়ই জনগণের সাথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যুব সমাজ অপশাসনের বিরুদ্ধে লড়াই করে দেশের গণতান্ত্রিক ভিত্তি শক্তিশালী করেছে।


তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ রয়েছে। অতীতের মতো বর্তমানেও ছাত্র-যুবকরাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে গণতন্ত্র রক্ষায় ভূমিকা রাখছে। এরফলে সাধারণ মানুষ বিগত ১৬ বছর পর স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষ নির্বাচনে ভোট প্রদান করে সংসদ গঠন করেছে। 


বরিশাল নিয়ে ছোটবেলার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বরিশালের অলিতে গলিতে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটবেলায় আমি বরিশাল মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলাধুলা করেছি। রাজনীতির চেয়ে খেলাধুলার প্রতি আমার মূল আকর্ষণ ছিল। তবে, আগের দিনে খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বেশি থাকলেও বর্তমানে তরুণ সমাজ আলাদা জগত নিয়ে ব্যস্ত। ইতিবাচক দিক হলো ছাত্ররা রাজনীতির প্রতিও সক্রিয় হয়ে উঠছে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে।


মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমানসহ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।