সৈয়দপুরে জ্বালানি সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০০
নীলফামারীর সৈয়দপুর শহরে একদিকে জ্বালানি তেলের তীব্র সংকট, অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিনে গড়ে ৫ থেকে ৭ বার বিদ্যুৎ বিভ্রাটের কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা যায়, শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভোর থেকেই দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকেই মোটরসাইকেল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ তেল পাচ্ছেন না। এতে করে দৈনন্দিন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়ছে।
এদিকে, বিদ্যুতের ঘন ঘন আসা-যাওয়ায় শহরের বাসিন্দারা পড়েছেন চরম ভোগান্তিতে। বিশেষ করে তীব্র গরমে শিশু ও বয়স্কদের কষ্ট বেড়েছে কয়েকগুণ। অনেকে অভিযোগ করছেন, নির্দিষ্ট কোনো সময়সূচি না থাকায় হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে, যা দৈনন্দিন কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করছে।
শহরের গোলাহাট এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “দিনে কয়েকবার বিদ্যুৎ চলে যায়। কখন আসবে তারও কোনো ঠিক নেই। গরমে ঘরে থাকা দায় হয়ে পড়েছে।
একজন মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “তেল নিতে এসে ৫/৭ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় পেট্রোল পাম্পে তেল শেষ হয়ে গেলে মোটরসাইকেল হেঁটেই নিয়ে যাইতে হয় বাড়ি- খালি হাতেই ফিরতে হয়।
স্থানীয় এক ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, “বিদ্যুৎ না থাকায় দোকানে ফ্রিজ, ফ্যান কিছুই ঠিকমতো চালানো যায় না। এতে করে ব্যবসায় ক্ষতির মুখে পড়ছি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক না থাকায় এ সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ ঘাটতির কারণেই লোডশেডিং বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

logo-2-1757314069.png)
