সৈয়দপুরে তেলের জন্য দীর্ঘ সারি: ২০ কিমি দূর থেকেও ভিড় মোটরসাইকেল চালকদের
মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ২০:৫৮
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে তেল সংগ্রহকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক ভিড় ও দীর্ঘ যানজটের মতো পরিস্থিতি। বিভিন্ন পাম্পে দেড় থেকে দুই কিলোমিটারজুড়ে মোটরসাইকেলের সারি চোখে পড়ছে, যা জনদুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তেল নেওয়ার আশায় অনেক মোটরসাইকেল চালক আগের দিনই পাম্পে এসে সিরিয়াল রেখে যাচ্ছেন। আবার কেউ কেউ ভোরবেলা এসে লাইনে দাঁড়িয়ে পড়ছেন, যাতে দ্রুত তেল সংগ্রহ করা যায়। এতে পাম্প এলাকাগুলোতে দিনভর চাপ তৈরি হচ্ছে।
আরও দেখা গেছে, শুধু সৈয়দপুরের ভেতর থেকেই নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকে এমনকি ২০ কিলোমিটার দূর থেকেও মোটরসাইকেল চালকরা তেল নিতে এসে লাইনে দাঁড়াচ্ছেন। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
ভুক্তভোগী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় পর্যাপ্ত তেল পাওয়া যাচ্ছে না। এতে তাদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং সময় ও শ্রম দুটোই নষ্ট হচ্ছে। এদিকে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে। তবে চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় সাময়িক চাপ তৈরি হয়েছে বলে তারা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। একই সঙ্গে প্রশাসনের নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

logo-2-1757314069.png)
