জামালপুরে কারাবন্দি জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যু
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৯
জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কৃষিবিদ জিয়াউল হক জিয়া কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর দায়ের করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।
কারা কর্তৃপক্ষ জানায়- ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন জিয়াউল হক জিয়া। মঙ্গলবার দুপুরে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকাল ৫ টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন- জিয়াউল হক দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে জামালপুর ও পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে মারা যাওয়া জিয়াউল হক জিয়ার ছেলে জাকিউর রাফিদ নাফি বলেন- আমি নিজেও সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অসুস্থ আছি। আমার বোন বলতে পারবে, কিন্তু বোন বর্তমানে শোকাহত থাকায় বিস্তারিত কিছু জানাতে পারছেন না।

logo-2-1757314069.png)
