ইঁদুর মারার ওষুধে ইয়াবা, ডিটারজেন্টে হেরোইন, জামালপুরে নারী গ্রেফতার
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৪
জামালপুর সদর উপজেলায় অভিনব কৌশলে মাদক বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। ইঁদুর মারার ওষুধের প্যাকেট ও ডিটারজেন্টের ভেতরে ইয়াবা ও হেরোইন লুকিয়ে বিক্রি করছিলেন তিনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর শহরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার এসআই মো. খাইরুজ্জামান।
গ্রেফতার হওয়া লকসি বেগম (৪১) ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের মৃত বাবুল বেপারীর মেয়ে। তিনি বর্তমানে জামালপুর সদর উপজেলার পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব কাঁচারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন একটি গলি থেকে লকসি বেগমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একটি ডিটারজেন্ট পাউডারের প্যাকেটের ভেতরে পৃথক পলিথিনে মোড়ানো ২০টি পুটলায় মোট ১০৪ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া ইঁদুর মারার ওষুধের প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় ৬টি জিপার ব্যাগে মোট ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার মোট ওজন ১৫০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
এসআই মো. খাইরুজ্জামান বলেন, মাদক বিক্রির সঙ্গে আরও ২-৩ জন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
