Logo
×

জেলার খবর

নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত, আহত ১

Icon

মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৫৩

নীলফামারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত, আহত ১

নীলফামারীতে দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন— সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর দুই ছেলে সিহাব হোসেন (১৬) ও মো. হোয়াদ হোসেন (৬)।


স্থানীয় সূত্রে জানা যায়, রাতের ওই সময়ে তিনজন একসঙ্গে সড়ক পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ড্রাম ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অপর ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।


এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।