সৈয়দপুর রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান: তিনজনের কারাদণ্ড
মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২৩:৪৮
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে স্টেশন এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় জনসম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় স্টেশন সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও সৈয়দপুর থানার যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাঘুরি ও জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনজনকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—হাতাখানা এলাকার মৃত তোফাজ্জলের ছেলে মো. সুমন (৩৬), মাককুর ছেলে মো. জুম্মন (৩০) এবং আব্দুল মতিনের ছেলে মো. মুন্না (২৪)। এর মধ্যে মো. সুমনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া মো. জুম্মন ও মো. মুন্নাকে এক মাস করে কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে রেলওয়ে স্টেশন এলাকায় নেশাগ্রস্তদের উৎপাত ও জনদুর্ভোগের অভিযোগ আসছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, জনবহুল এলাকায় মাদকসেবীদের উপস্থিতি আইনশৃঙ্খলার জন্য হুমকি। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে।

logo-2-1757314069.png)
