Logo
×

জেলার খবর

পাটের সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

Icon

মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ২২:২৭

পাটের সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম

দেশের ঐতিহ্যবাহী পাটখাতের হারানো গৌরব পুনরুদ্ধারে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, একসময় ‘সোনালি আঁশ’ হিসেবে পরিচিত পাট দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সময়ের সঙ্গে সেই অবস্থান অনেকটাই দুর্বল হয়েছে। এখন তা পুনরুজ্জীবিত করতে পরিকল্পিতভাবে কাজ চলছে।


রোববার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর দারোয়ানি টেক্সটাইল মিলস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহারে বন্ধ টেক্সটাইল ও জুট মিলগুলো পুনরায় চালুর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার সে লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে। দারোয়ানি টেক্সটাইল মিল পুনরায় চালুর জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে এবং তা মূল্যায়নাধীন রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মিলটির কার্যক্রম চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


তিনি আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরে বিভিন্ন খাতে স্থবিরতা থাকলেও তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। কেন্দ্র থেকে জেলা পর্যায় পর্যন্ত মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্ব দেওয়া হচ্ছে।


পাটখাতের উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের আওতায় বন্ধ সব মিল ধাপে ধাপে চালু করা হবে এবং এজন্য বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হয়েছে।


এছাড়া পরিবেশ সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করা হবে। দেশীয় পাটপণ্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


এ সময় নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুর লতিফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।