জামালপুরে ছাত্রলীগ সভাপতিসহ কারাগারে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৯:২৯
জামালপুরের মেলান্দহ উপজেলায় নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইতে এসে ছাত্রলীগের সভাপতিসহ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১২ এপ্রিল) জামালপুর জেলা জজ আদালতে শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক রোমানা আক্তার।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু বাদী হয়ে দায়ের করা মামলাসহ পৃথক দুটি মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি খান আরিফুল ইসলাম শাওন, সাবেক সভাপতি কামরুল হাসান ও জুয়েল মিয়ার জামিন আবেদন মঞ্জুর করা হয়।
তবে অন্য ছয় আসামির জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক রোমানা আক্তার।
কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন, জেলা কৃষক লীগের কৃষিপণ্য বিষয়ক সম্পাদক হোসেন আলী, সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন, মেলান্দহ উপজেলার ৫ নম্বর নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন, বাবর আলী এবং ৬ নম্বর আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।
জামালপুরের সিজেএম আদালতের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল হোসেন বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

logo-2-1757314069.png)
