সংস্কার শুরু সৈয়দপুরে তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত বেহাল সড়কের
মো. নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৩:৫৫
নীলফামারীর
সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ তামান্না মোড় থেকে ওয়াপদা পর্যন্ত সড়কের সংস্কার কাজ অবশেষে
শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কটি সংস্কারের দাবিতে বারবার দাবি
জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
পৌরসভার
আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো কাজ শুরু করা সম্ভব না হলেও, সাম্প্রতিক সময়ে প্রশাসনের
তৎপরতায় সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক
ফারাহ ফাতেহা তাকমিলার সরাসরি তদারকিতে কাজটি বাস্তবায়ন করা হচ্ছে।
স্থানীয়রা
জানান, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে যান চলাচলে বিঘ্ন
ঘটছিল। অল্প বৃষ্টিতেই সড়কটি কাঁদায় পরিণত হয়ে পথচারী ও যানবাহন চালকদের জন্য চরম ভোগান্তির
সৃষ্টি করত। বিশেষ করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ প্রতিদিন দুর্ভোগে পড়তেন।
সৈয়দপুর
পৌরসভার সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী আক্তার হোসেন ফেকু বলেন, “দীর্ঘদিন ধরে এ সড়কটির
সংস্কারের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে কাজ শুরু হওয়ায় আমরা সন্তুষ্ট এবং সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
ঠিকাদারি
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, পুরনো সড়কের অংশ অপসারণ করে নতুনভাবে শক্ত ভিত্তি তৈরি
করা হবে এবং আধুনিক কার্পেটিং পদ্ধতি প্রয়োগ করা হবে, যাতে সড়কটি দীর্ঘস্থায়ী হয়।
সৈয়দপুর
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম জানান, সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ সংযোগ
সড়ক হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংস্কার
কাজ শেষ হলে সড়কটি দিয়ে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন স্থানীয়
বাসিন্দারা।

logo-2-1757314069.png)
