Logo
×

জেলার খবর

জামালপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ একজন আটক

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ২১:৫৮

জামালপুরে জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ একজন আটক

জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মো. মুর্শিদুল হক (৩৩) নামে একজনকে আটক করেছে র‍্যাব-১৪।


বুধবার (৮ এপ্রিল)  জামালপুরে র‍্যাব-১৪ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহম্মেদ।


র‍্যাব জানায় -শেরপুর সদর উপজেলার চাপাতলী এলাকার দুলাল মিয়ার নির্মাণাধীন ভবনের ৭ম তলায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র জাল টাকা তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে মুরশিদুল হক নামে এক ব্যক্তিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকার জাল নোট, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি মনিটর, ৩টি প্রিন্টার, ১টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


এসময় মেজর লাবিদ আহম্মেদ বলেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছে যে, সে ১ লাখ টাকার জাল নোটের বিপরীতে ৩০ হাজার টাকা গ্রহণ করেন। এই জালিয়াতির সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়াও শেরপুরে যেহেতু আগামী কাল নির্বাচন এরিমধ্যে অবৈধ অর্থের লেনদেন রোধে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং র‍্যাবও এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।