সরিষাবাড়ীতে জমি বিরোধে মারধর, শ্লীলতাহানি ও লুটের অভিযোগ
মো. শাহরিয়ার সাদ্দাম, সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৮:০৪
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারধর, স্বর্ণালংকার লুট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনায় ছাহেবুজ্জামান বিদ্যুৎকে প্রধান আসামি করে চারজনের নামে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের দোলভিটি গ্রামের রহুল আমিনের সঙ্গে একই এলাকার ছাহেবুজ্জামান বিদ্যুৎদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।
গত ২৭ মার্চ বিকেলে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছাহেবুজ্জামান বিদ্যুৎ, আবু সাঈদ দুলালসহ তাদের সহযোগীরা রহুল আমিনের ভাই জহুরুল ইসলামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন—বিশেষ করে মাথা ও চোখে আঘাত পান।
জহুরুল ইসলামের চিৎকারে বাড়ির নারী সদস্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এ সময় নারীদের শ্লীলতাহানি করে গলায় থাকা দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের তোতা মিয়া বলেন, জমি আমাদের, তারা দখল করে রেখেছে। মারধরের অভিযোগ সঠিক নয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo-2-1757314069.png)
