জামালপুরে তেল মজুদ রেখে বিক্রি না করায় ৫০ হাজার টাকা জরিমানা
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ২১:১৮
জামালপুর সদর উপজেলার পিটিআই মোড়ে মেসার্স জুই এন্টারপ্রাইজে পেট্রোল না পাওয়ার অভিযোগে শনিবার সকাল থেকেই মোটরসাইকেল চালকদের ভিড় জমে। দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি না পেয়ে চালকদের মধ্যে ক্ষোর সৃষ্টি হয়।
এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কাছে কোনো পেট্রোল মজুদ নেই। তবে অভিযোগের সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।
পরে সরেজমিনে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার পেট্রোল মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের কাছে তেল বিক্রি না করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, অতিরিক্ত ভিড়ের কারণে আতঙ্কে দোকান মালিক তেল বিক্রি বন্ধ রেখেছিলেন বলে প্রাথমিকভাবে জানান। বর্তমানে মজুদ থাকা তেল গ্রাহকদের মাঝে বিক্রি করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ দ্যা রিপোর্ট ২৪ কে বলেন, দোকানে তল্লাশি চালিয়ে ১২টি ড্রামে প্রায় ২ হাজার ৫০০ লিটার তেল পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় মেসার্স জুই এন্টারপ্রাইজের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ তেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকার নির্ধারিত মূল্যে সুশৃঙ্খলভাবে পেট্রোল বিক্রি শুরু হয়।

logo-2-1757314069.png)
