Logo
×

জেলার খবর

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০০:১০

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

শরীয়তপুর সদর উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতা-কর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভণ্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’

ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন, আরেকজন সেটি ধারণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা, প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের নেতাদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। সরেজমিনে গিয়ে স্মৃতিস্তম্ভটির বিভিন্ন স্থানে পোড়ার চিহ্ন দেখা গেছে, তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা জানায়, জুলাই আন্দোলনে নিহত শরীয়তপুরের ১৪ জন শহীদের স্মরণে এ স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল। কংক্রিটের গাঁথুনির ওপর লোহার কাঠামো দিয়ে নির্মিত এই স্মৃতিস্তম্ভে শহীদদের নাম খোদাই করা রয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির শরীয়তপুর জেলা আহ্বায়ক কাউসার মৃধা বলেন, ‘শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়কের একটি ফেসবুক পোস্টে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার একটি ভিডিও আমরা দেখতে পেয়েছি। আমরা চাই, যারা এই ঘটনায় জড়িত, সঠিক তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতেও এমন ঘটনা আরো বাড়বে। প্রয়োজনে আমরা আন্দোলনে নামব।’