স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠে ‘না’ করেছিলেন জামায়াতের এমপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৬:৪২
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজের শুরুতে সনাতনীদের ধর্মগ্রন্থ গীতা থেকে পাঠ না করার নির্দেশনা দিয়েছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিন দিন আগে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান দিবসটি উদযাপনের ব্যাপারে মোবাইল ফোনে পরামর্শ চাইলে তিনি এমন নির্দেশনা দেন।
ইউএনও নাঈমা খান বিষয়টি স্বীকার করেছেন। তবে জেলার অন্যসব উপজেলার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের পাশাপাশি গীতা থেকে পাঠ হচ্ছে, জানার পর তিনি তানোরের অনুষ্ঠানেও শেষ পর্যন্ত তা রেখেছেন। যদিও তখন এলাকার সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত ছিলেন না। তিনি অনুষ্ঠানে উপস্থিত হন কিছুটা পরে। অনুষ্ঠান শেষে তাঁর এমন নির্দেশনার বিষয়টি জানাজানি হলে সমালোচনা শুরু হয়েছে। নিন্দা জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
তানোরের ডাকবাংলো মাঠে এবারের কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুচকাওয়াজ শেষে গীতা পাঠ নিয়ে ইউএনওর সঙ্গে কয়েকজনের কথা বলার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, স্থানীয় একজন ব্যক্তি ইউএনওর কাছে জানতে চাইছেন, গীতা পাঠ করা যাবে না এমন নির্দেশনা এমপি সাহেব দিয়েছিলেন? জবাবে ইউএনও বলছেন, জেলায় এবং অন্যান্য উপজেলাতেও (গীতাপাঠ) হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা জামায়াতের আমিরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ওই ব্যক্তি তখন বলতে থাকেন, ‘এটা তো রাষ্ট্রীয় প্রোগ্রাম। আপনারা (জামায়াতের নেতা) শহীদ মিনারে যাচ্ছেন, ফুল দিচ্ছেন—আর গীতা পাঠ করতে দেবেন না? তাহলে হিন্দুদের মনোনয়ন দিলেন কেন?’
বিষয়টি নিয়ে জানতে চাইলে ইউএনও নাঈমা খান বলেন, ‘গত পরশু দিন এমপি স্যারের সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল ইনভাইট করার জন্য। তখন তিনি আমাকে মৌখিকভাবে বলেছিলেন, গীতা পাঠ তো বিগত সরকারের একটা প্রোগ্রাম, আপনারা এইগুলা প্রোগ্রাম রাখবেন না। আমি আবার খবর নিয়ে দেখলাম যে গীতা পাঠ তো সব জায়গায় হবে। পরে আমি গতকাল এমপি স্যারের প্রতিনিধিকে জানিয়েছি এবং আজ গীতা পাঠ হয়েছে।’ তিনি বলেন, ‘প্রোগ্রামের শেষে একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে, উনি (এমপি) গীতা পাঠের কথা নিষেধ করেছিলেন কিনা। কিন্তু রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় হয়েছে, আমরাও করিয়েছি। আমাদেরই একজন স্টাফ মহিলা বিষয়ক কর্মকর্তা, তিনি অনুবাদসহ পাঠ করেছেন।’ এ বিষয়ে সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসেছে। তারা তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা করে কী তেলাওয়াত করবে তা ঠিকঠাক করেছে। যখন সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম এল, তখন থেকেই শুধু কোরআন তেলাওয়াত হতো, বাকিগুলো তেলাওয়াত হতো না। ফ্যাসিস্ট সরকার মাঝে কী করেছিল আমার জানা নেই।’

logo-2-1757314069.png)
