রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটিকে টেনে তোলা হয়। এর আগে বাসটি দৃশ্যমান হলে একে একে মরদেহ বের করে আনা হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, তারা নারী-শিশুসহ ৯ জনের মরদেহ উদ্ধার করেছে।
এর মধ্যে দুইজন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে। এর বাইরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলে সেখানে দুই নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, তলিয়ে যাওয়া বাসটি নদীর ৮০-৯০ ফিট গভীরে ছিল। উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি ধীরে ধীরে উপরে তোলা হয়েছে। বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
রাজবাড়ী জেলা পুলিশের এক কর্মকর্তা মোবাইলে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে—কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বাহিনী উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

logo-2-1757314069.png)
