জামালপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৬:৫৮
জামালপুর সদর উপজেলায় ক্ষেতে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হৃদয় (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১১ টার দিকে সদর উপজেলার কেন্দুয়া কালিবাড়ী চর মৌহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই এলাকার মধু মিয়ার ছেলে। সে স্থানীয় কেন্দুয়া কালিবাড়ী মুকল নিকেতন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারে সে বড় সন্তান। তার একটি ছোট বোন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবারও হৃদয় বাড়ির গরুর জন্য ঘাস কাটতে পাশের ক্ষেতে যায়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে আসলে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

logo-2-1757314069.png)
