প্রতি ঈদের ছুটিতেই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের যেন দুর্ভোগের শেষ নেই। অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়েছে বিগত ঈদের ছুটিগুলোতে। তবে এবারই ভিন্ন চিত্র দেখা মিলেছে এ মহাসড়কটিতে। যমুনা সেতুর ওপরে কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ার কারণে অল্প সময় যানবাহনের ধীরগতি থাকলেও দীর্ঘস্থায়ী কোনো যানজট লক্ষ্য করা যায়নি।
সাধারণ যাত্রী ও যানবাহন চালকরা মনে করছেন, বিগত দিনের চেয়ে এবার সরকার সুপরিকল্পিত পরিকল্পার এবং আইনশৃঙ্খলাবাহিনীর তৎপরতায় এবার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কোনো প্রকার দীর্ঘস্থায়ী যানজট হয়নি। ফলে নির্বিঘ্নে ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে পারছেন। সাভারের আশুলিয়ার গার্মেন্টস কর্মী মামুন মিয়া জানান, তিনি ১৬ বছর ধরে গার্মেন্টসে চাকরি করেন। তার বাড়ি সিরাজগঞ্জের হটিকমরুল এলাকায়।
প্রতিবছরই ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় এ মহাসড়কটিতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু এবারই প্রথম কোনো প্রকার যানজট এবং ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারছেন। উত্তরবঙ্গগামী বাসচালক সোলায়মান হাসান জানান, এ মহাসড়কটি ছিলো এবার পুরোটাই ভিন্ন চিত্র। আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও মহাসড়কে বিএনপির স্বেচ্ছাসেবক মাঠে কাজ করেছেন। তবে স্বাভাবিকের চেয়ে কম পরিবহন চলাচল করায় বাসের সংকট ছিল মহাসড়কটিতে। ফলে অনেকেই ঝুঁকি নিয়ে খোলা ট্রাক পিকআপে বাড়ি যাচ্ছে। বগুড়াগামী বাসের যাত্রী হেলাল মিয়া জানান, মহাসড়কটিতে গণপরিবহন কম থাকায় আধা ঘণ্টা পর একটি বাস পেয়েছি। সেখানে দাঁড়িয়ে যেতে হবে, তবে ভাড়া দ্বিগুণ। তারপরও ভালো লাগছে কোনো যাটজট নেই মহাসড়কটিতে। গত দুই দিন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপে যমুনা সেতু টোলপ্লাজা এবং এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় কখনও ধীর গতি আবার কখনো থেমে যানজট হলেও সেটি দীর্ঘস্থায়ী হয়নি। তবে এবারই প্রথম ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এদিকে ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫ যানবাহন পারাপার হয়েছে। ৯৬ ঘণ্টায় এসব যানবাহন থেকে ১২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ১০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন সেতু পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টোল আদায় হয়েছে। সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত যমুনা সেতুতে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা। মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ১২ টা পর্যন্ত যমুনা সেতুতে ৫১ হাজার ৫৮৪ টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। বুধবার রাত ১২ টা থেকে বৃহস্পতিবার রাত ১২ টা পর্যন্ত ৪৫ হাজার ৬১০ টি যানবাহন পারাপারে টোল আদায় করা হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শরিফ জানান, মহাসড়কে যানবাহনের চাপ খুব কম। ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন খাতের ছুটি শুরু হওয়ায় প্রায় ৪০ লাখ অতিরিক্ত মানুষ এ মহাসড়ক ব্যবহার করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যাতে ঈদযাত্রায় কোনোভাবেই মানুষ ভোগান্তির শিকার না হয়। সেই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। আমাদের সবরকম প্রস্তুতি রয়েছে। যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, আল্লাহর রহমতে কেউ যানজটে পড়বে না। সবাই নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

logo-2-1757314069.png)
