গাবতলী আজ প্রায় ফাঁকা, যাত্রীর অভাবে সময়মতো ছাড়ছে না গাড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১৬:২৯
একদিন আগেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রী-কোচের কর্মচারী-কলারের হাকডাক ছিল। দিন পেরোতেই সেই চিত্র আর নেই। যাত্রী নেই কল্যাণপুরে বাস ডিপোতেও। টিকিট কাউন্টারগুলো ফাঁকা পড়ে আছে।
দু-একজন করে যাত্রী এলে গাড়িতে বসিয়ে আসন পূরণ করে ছাড়া হচ্ছে। সময়মতো গাড়ি না ছাড়তে পারায় কোনো কোনো গাড়িতে হট্টগোলের ঘটনাও ঘটছে। শুক্রবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও কল্যাণপুর বাস ডিপোতে এমন চিত্র দেখা যায়।
এবারের ঈদে লম্বা ছুটি। সরকারি ছুটি গত মঙ্গলবার (১৭ মার্চ) শুরু হওয়ায় তখন থেকেই নগরবাসী গ্রামের বাড়ির পথ ধরেছে। বুধবার ও বৃহস্পতিবার বাস ও লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনে ছিল উপচেপড়া ভিড়। যারা বৃহস্পতিবারও যেতে পারেননি বা কাজ শেষ করতে পারেননি, তারা আজ বাড়ি ফিরছেন। এমন যাত্রী কম হওয়ায় একেকটি কোচ ছাড়তে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের।

logo-2-1757314069.png)
