নেত্রকোনায় গরুর মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, আহত ২০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২০:২৭
নেত্রকোনার মদন উপজেলায় গরুর মাংস ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন আলোচনা করে একটি গরু কিনে জবাই ও মাংস ভাগবাটোয়ারার সিদ্ধান্ত নেন।
কিন্তু মাংস বণ্টন ও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের বজলু মিয়া (৬০) এবং মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তর্কবিতর্ক চরম আকার ধারণ করে এবং উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) এবং জানে আলমের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকি আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিখোঁজ বাচ্চাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে গুজব ছড়ালেও, মূলত গরুর মাংস ভাগাভাগি ও আধিপত্য নিয়েই এ সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো পক্ষ থেকেই থানায় অভিযোগ বা মামলা করেনি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

logo-2-1757314069.png)
