Logo
×

জেলার খবর

সমিতির নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও জামায়াত নেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৬:২৪

সমিতির নামে ৭৭ লাখ টাকা নিয়ে উধাও জামায়াত নেতা

বগুড়া পৌর এলাকার মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘মাংস সমিতি’র নামে প্রতারণা করে ১২ শ’ পরিবারের সঞ্চিত ৭৭ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন এক জামায়াত নেতা। পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে এই বিপুল অঙ্কের টাকা নিয়ে প্রতারণার বিষয়টি জানাজানি হওয়ার পর শত শত ভুক্তভোগী পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছেন।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক সেক্রেটারি আব্দুল হাকিম এবং তার সহযোগী আকরাম ও শাহীন মিলে ‘ফোর স্টার সঞ্চয় সমিতি’ নামে একটি সংস্থা গড়ে তোলেন। এই সমিতির নিয়ম ছিল, বছরজুড়ে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জমা দিলে ঈদের আগে গ্রাহককে আট কেজি করে গরুর মাংস দেওয়া হবে। স্থানীয় নিম্নবিত্ত মানুষ, বিশেষ করে মহিলারা অতি কষ্টে জমানো টাকা সাপ্তাহিক কিস্তিতে ওই সমিতিতে জমা করতে থাকেন। অভিযুক্তরা জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকায় স্থানীয়রা তাদের বিশ্বাস করে এই সঞ্চয় করেন। এভাবে ১২ শ’ সদস্যের জমানো টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭ লাখ টাকা।

ভুক্তভোগীরা জানান, গত ১৬ মার্চ পাঁচ হাজার টাকা জমাকারীদের আট কেজি করে মাংস দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে সদস্যরা মাংস নিতে এলে তাদের পরদিন ১৭ মার্চ আসতে বলা হয়। কিন্তু ১৭ মার্চ এবং পরবর্তী ১৮ মার্চও সমিতির কার্যালয় বা পরিচালকদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। পরিচালকরা মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যাওয়ায় দরিদ্র  পরিবারগুলোর মধ্যে কান্নার রোল পড়ে গেছে। এই ঘটনায় ভুক্তভোগীরা প্রতিকার পেতে স্থানীয় জামায়াত নেতা এবং পুলিশের শরণাপন্ন হয়েছেন। তবে অভিযুক্ত আব্দুল হাকিম ও তার সহযোগীরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।