মাদারগঞ্জে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষতি
শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৮:৫৮
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি পন্ডিত পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খাদ্য শস্য ব্যবসায়ী ঈসমাইল হাজীর বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বালিজুড়ী পণ্ডিতপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে নগদ ৫ লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করেই ব্যবসায়ী ঈসমাইল হাজীর ঘর থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো ঘরটি গ্রাস করে নেয়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই বসতঘরের আসবাবপত্র, খাদ্যসামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ঈসমাইল হাজী কান্নায় ভেঙে পড়ে বলেন, মুহূর্তের মধ্যেই আমার সব শেষ হয়ে গেল। ব্যবসার লেনদেনের জন্য ঘরে নগদ ৫ লক্ষ টাকা রাখা ছিল। আগুন এতো দ্রুত ছড়িয়েছে যে একটি টাকাও বের করার সুযোগ পাইনি। আসবাবপত্রসহ আমার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির শিশুরা আগুন নিয়ে খেলা করার সময় অসাবধানতাবশত শুকনো কোনো বস্তু থেকে আগুনের সূত্রপাত ঘটে। যা পরবর্তীতে ভয়াবহ রূপ নেয়।
এ ঘটনায় বালিজুড়ি বাজার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিদর্শনে স্থানীয় লোকজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জনসাধারণকে আগুন ব্যবহারে এবং শিশুদের অগ্নিকাণ্ড ঘটাতে পারে এমন বস্তু থেকে দূরে রাখার বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

logo-2-1757314069.png)
