Logo
×

জেলার খবর

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, প্রাণ গেল ৩ জনের

Icon

জেলহজ্ব ইসলাম, বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৭:৪৯

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসে আগুন, প্রাণ গেল ৩ জনের

ঈদকে সামনে রেখে পরিবারের জন্য নতুন পোশাক ও উপহার নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।


বুধবার (সকাল সাড়ে ৭টা) বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনে পুড়ে হতাহতের ঘটনা ঘটে।


নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং গাড়ির চালক রিন্টু (৪৭)।


আহতদের মধ্যে রয়েছেন—ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)। তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা বের হওয়ার আগেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।


খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।